ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর তার ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জনমনে নানা প্রশ্ন থাকলেও এবার তিনি নিজেই তা স্পষ্ট করেছেন।
রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠকে নির্বাচন-পরবর্তী সময়ের পরিকল্পনার কথা তুলে ধরেন ড. ইউনূস।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে আকিয়ে আবে ড. ইউনূসের কাছে দায়িত্ব ছাড়ার পর তার পরিকল্পনা জানতে চান। জবাবে ড. ইউনূস বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে তিনি মূলত তিনটি ক্ষেত্রে কাজ চালিয়ে যাবেন।
প্রথমত, ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্টে কাজ করা। এ উদ্যোগের মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানো হবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল মাধ্যমে নিজেদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখতে পারেন, সে ব্যবস্থাও করা হবে।
দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম অব্যাহত রাখা। যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি আগের মতোই বিভিন্ন উদ্যোগ চালিয়ে যাবেন বলে জানান।
তৃতীয়ত, তিনি দীর্ঘদিন ধরে যে ‘থ্রি জিরো’ ধারণা—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ—নিয়ে কাজ করছেন, তা আরও জোরদারভাবে চালিয়ে যাওয়ার কথা বলেন।
উপ-প্রেস সচিব আরও জানান, আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বৈঠকে তিনি তাদের পারস্পরিক সম্পর্ক ও স্মৃতির কথাও তুলে ধরেন।
এছাড়া বৈঠকে জানানো হয়, নির্বাচনের পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর করবেন। সফরকালে তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন এবং ওশিয়ান রিসার্চ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করবেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়