1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর: ১৯৭১-এর আত্মসমর্পণ, স্বাধীন বাংলাদেশের জন্ম ও ভারতের বক্তব্য

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

আজ ১৬ ডিসেম্বর বাঙালি জাতির জন্য গৌরবের দিন—মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটে এবং জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় সেনাবাহিনী যুক্ত হওয়ায় ভারতও এ দিনটিকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে থাকে।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের দলিলে সই করেন পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লে. জেনারেল এ এ কে নিয়াজি। তার পাশে ছিলেন মিত্রবাহিনীর পক্ষে ভারতীয় সেনাবাহিনীর লে. জেনারেল জগজিৎ সিং অরোরা।

মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতি দেয় ভারতীয় সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়, বিজয় দিবস কেবল একটি তারিখ নয়; এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়ের প্রতীক। এতে আরও উল্লেখ করা হয়, এই বিজয় এমন এক সময়ের স্মারক, যখন মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে এবং একসঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে গেছে।

বিবৃতিতে বলা হয়, এই বিজয় ভারতের সামরিক ইতিহাসকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে, দক্ষিণ এশিয়ার মানচিত্রে পরিবর্তন এনেছে এবং একটি নতুন জাতির জন্ম দিয়েছে—বাংলাদেশ। একই সঙ্গে মুক্তিযুদ্ধ পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা সাধারণ মানুষের ওপর চালানো নৃশংসতা, নিপীড়ন ও নিষ্ঠুরতার অবসান ঘটায় বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, মাত্র ১৩ দিনের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনী অসাধারণ সাহস, অটল সংকল্প ও ব্যতিক্রমী সামরিক দক্ষতার পরিচয় দেয়। এর ফলেই ৯৩ হাজার পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করতে বাধ্য হয়, যা বিশ্ব ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক আত্মসমর্পণ হিসেবে বিবেচিত।

বিবৃতির শেষাংশে বলা হয়, ১৬ ডিসেম্বর ভারতের বন্ধুদের প্রতি আনুগত্যের প্রতীক এবং প্রতিপক্ষদের জন্য একটি স্পষ্ট বার্তা—ভারত যখন ন্যায়ের পক্ষে দাঁড়ায়, তখন বিজয় অনিবার্য।

এদিকে বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই পোস্টে তিনি মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ হিসেবে উল্লেখ করেন এবং পোস্টের কোথাও বাংলাদেশের নাম উল্লেখ না করে একে ভারতের ঐতিহাসিক বিজয় বলে অভিহিত করেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!