লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আরও দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।
জানা গেছে, সোমবার রাতে লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের একটি আবাসিক এলাকায় পৃথক ড্রোন হামলা চালানো হয়। ওই এলাকায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিকরা বসবাস করতেন। হামলার পর দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।
বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, নিখোঁজ দুই বাংলাদেশির বসবাসের স্থানটি হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মরদেহ উদ্ধার না হওয়ায় এখনো আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।
এর আগে সোমবার দুপুরে নাবাতিয়েহ অঞ্চলের জেবদিন এলাকায় আরেকটি ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হন। নিহতরা হলেন শফিকুল ইসলাম (৪০) এবং মোহাম্মদ নাহিদুল ইসলাম (২০)। তাদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে।
বাংলাদেশ সরকার এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছে।