
ভারতের দিল্লির লোকনির্মাণ দফতরের (পিডব্লিউডি) মন্ত্রী পারভেশ সাহিব সিং ভার্মার বিরুদ্ধে রাস্তা পরিদর্শনের সময় এক তরুণকে চড় দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মন্ত্রীকে ওই তরুণের মোবাইল ফোন সরিয়ে দেওয়ার পর তার মুখে হাত তুলতে দেখা যায়। পরে তরুণটিও মন্ত্রীর দিকে পাল্টা হাত তোলার চেষ্টা করেন।
পশ্চিম দিল্লির একটি সড়ক পরিদর্শনে গিয়ে আম আদমি পার্টির (আপ) বিধায়ক জারনাইল সিংয়ের সঙ্গে রাস্তার নির্মাণকাজের মান নিয়ে মন্ত্রীর বাকবিতণ্ডা হয়। জারনাইল সিংয়ের অভিযোগ, নতুন নির্মিত সড়কের একটি অংশ তিনি হাত দিয়ে তুলে নিম্নমানের নির্মাণকাজ দেখানোর চেষ্টা করলে মন্ত্রী ক্ষুব্ধ হন। এ সময় জারনাইল সিংয়ের সামাজিক যোগাযোগমাধ্যম দলের সদস্য ২২ বছর বয়সী সাহিব সিং ঘটনাটি সরাসরি সম্প্রচার করছিলেন।
সাহিব সিংয়ের দাবি, তিনি মন্ত্রীর রাস্তা পরিদর্শনের ভিডিও সরাসরি সম্প্রচার করছিলেন। ভিডিও বন্ধ করার জন্য মন্ত্রী তার মোবাইল সরিয়ে দিয়ে তাকে চড় মারেন। তিনি মন্ত্রীকে কোনো ধরনের গালিগালাজ বা উসকানি দেননি বলেও দাবি করেন। এ ঘটনায় তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন।
তবে পারভেশ ভার্মার দাবি, ঘটনাস্থলে উপস্থিত আপ কর্মীরা তার পরিবারের সদস্যদের গালিগালাজ করছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি প্রতিক্রিয়া দেখান বলে জানান মন্ত্রী। একই সঙ্গে তিনি জারনাইল সিংয়ের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের কাজে বাধা ও অন্যান্য অভিযোগের কথাও বলেছেন। এসব অভিযোগ নিয়ে পুলিশের কাছে পৃথক অভিযোগ জমা পড়েছে।
অন্যদিকে, সাহিব সিংও মন্ত্রীর বিরুদ্ধে হুমকি, গালিগালাজ ও তাকে চড় দেওয়ার অভিযোগে পুলিশে অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি নিয়ে দিল্লিতে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। আপের নেতা ও সাবেক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।