ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য (এমপি) মো. মাহমুদুল হক রুবেল ও মো. রেজাউল করিম বাদশা শপথ গ্রহণ করেছেন।
রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
নবনির্বাচিতদের মধ্যে মো. মাহমুদুল হক রুবেল শেরপুর-৩ আসনে স্থগিত নির্বাচনে বিজয়ী হন। অন্যদিকে মো. রেজাউল করিম বাদশা বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিবের স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে দুই আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে বিজয়ী হন। পরে তিনি ওই আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে ৯ এপ্রিল সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
অন্যদিকে শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট গ্রহণ স্থগিত ছিল। পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী ৯ এপ্রিল সেখানে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণের মাধ্যমে দুই নবনির্বাচিত সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে সংসদ কার্যক্রমে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করলেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে