1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

আবারো বন্ধ হল হরমুজ প্রণালী

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সাময়িকভাবে খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ফের অবরোধ জারি করেছে ইরান।

শনিবার স্থানীয় সময় দুপুরে ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে পরিস্থিতি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে এবং পুরো জলপথের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা এখন থেকে আবারও সামরিক বাহিনীর অধীনে থাকবে। এতে আরও বলা হয়, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পূর্বের নিয়ম অনুযায়ীই প্রণালিটি পরিচালিত হবে।

এর আগে শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির পর বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিল ইরান। সে সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, যুদ্ধবিরতির সময়কালীন বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালি খোলা থাকবে। তবে নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে নির্ধারিত সমন্বিত রুট অনুসরণ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

তবে এই ঘোষণার পরই আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনা আরও বাড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ইরান প্রণালি খুললেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ বহাল থাকবে।

এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এক্সে দেওয়া পোস্টে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রাখে, তাহলে হরমুজ প্রণালির উন্মুক্ত থাকার বিষয়টি দীর্ঘস্থায়ী হবে না। তিনি আরও জানান, এই জলপথে জাহাজ চলাচল নির্ধারিত রুট ও ইরানের অনুমোদনের ভিত্তিতেই নিয়ন্ত্রিত হবে।

এর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের প্রতিরক্ষা বাহিনী পুনরায় প্রণালিতে নিয়ন্ত্রণ জারি করে অবরোধ কার্যকর করে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত। এখান দিয়ে বৈশ্বিক তেলের বড় একটি অংশ পরিবাহিত হয়, ফলে এ অঞ্চলের যে কোনো উত্তেজনা বিশ্ববাজারেও বড় ধরনের প্রভাব ফেলে।

সূত্র: এপি

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!