পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য নির্ধারিত ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান আপাতত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মনোনীত কয়েকজন কর্মকর্তাকে ঘিরে বিতর্ক এবং তালিকা পুনঃযাচাইয়ের প্রয়োজনীয়তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে পদকের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বিষয়টি পর্যালোচনার পর এখন পর্যন্ত কোনো সরকারি আদেশ (জিও) জারি হয়নি। ফলে পদক প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপনও প্রকাশ করা সম্ভব হয়নি।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, পুরো বিষয়টি এখনও পর্যালোচনার মধ্যে রয়েছে। যাচাই-বাছাই শেষে বর্তমান তালিকায় পরিবর্তন আসতে পারে। কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন নামও যুক্ত হতে পারে।
শনিবার রাতে পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, “রোববার পদক প্রদান অনুষ্ঠান হচ্ছে না। বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।”
এ বিষয়ে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম জানান, রাষ্ট্রপতির বিদেশ সফরের কারণে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। পাশাপাশি পদকের তালিকা আরও যাচাই করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
সংশ্লিষ্টদের মতে, পুলিশ সপ্তাহ শুরু হওয়ার পরও পদক প্রদান স্থগিত থাকার ঘটনা বিরল। বিষয়টি নিয়ে পুলিশ বাহিনীর অভ্যন্তরে আলোচনা চলছে।
সাহসিকতা, পেশাগত দক্ষতা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর বাংলাদেশ পুলিশ সদস্যদের বিপিএম ও পিপিএম পদক প্রদান করা হয়। এসব পদককে পুলিশ বাহিনীর অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়