‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস-এ শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৬।
রোববার সকাল ৯টার দিকে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খোলা জিপে করে বাংলাদেশ পুলিশের বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। দেশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা এতে অংশ নেন। কুচকাওয়াজ পরিচালনার দায়িত্বে ছিলেন ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
এবারের পুলিশ সপ্তাহ বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ প্রধানমন্ত্রী হিসেবে এই আয়োজন প্রথমবার উদ্বোধন করলেন তারেক রহমান।
তবে অনুষ্ঠান শুরুর আগেই আলোচনায় আসে পুলিশ পদক প্রদান স্থগিতের বিষয়টি। কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাওয়ার কথা ছিল ১০৯ জন সদস্যের। কিন্তু শেষ মুহূর্তে সেই কার্যক্রম স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রস্তাবিত তালিকায় অস্বচ্ছতা এবং কয়েকজন বিতর্কিত কর্মকর্তার নাম নিয়ে প্রশ্ন ওঠায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ বাহিনীর ভেতরেও আলোচনা ও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
চার দিনব্যাপী পুলিশ সপ্তাহে বিভিন্ন কর্ম-অধিবেশন, কল্যাণমূলক আলোচনা, পেশাগত মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণসংক্রান্ত কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগামী ১৩ মে আনুষ্ঠানিকভাবে শেষ হবে এবারের আয়োজন।