বাংলাদেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি টিকাদান কর্মসূচি জোরদার করেছে সরকার। চলমান হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত সারাদেশে ১ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৯০৮ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এই কর্মসূচির আওতায় দেশের প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হাম-রুবেলা টিকার সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বিভাগভিত্তিক টিকাগ্রহণকারীর সংখ্যা হলো—বরিশাল বিভাগে ১০ লাখ ৮ হাজার ৩০১ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ লাখ ৭৭ হাজার ৭৭২ জন, ঢাকা বিভাগে ৪৩ লাখ ২৪ হাজার ৮৭০ জন, খুলনা বিভাগে ১৫ লাখ ৩৩ হাজার ৫৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ১২ লাখ ৯৪ হাজার ১৫ জন, রাজশাহী বিভাগে ২০ লাখ ২০ হাজার ৩৭৩ জন, রংপুর বিভাগে ১৮ লাখ ৬২ হাজার ১৯৬ জন এবং সিলেট বিভাগে ১২ লাখ ৪৭ হাজার ৮৩৫ জন শিশু।
এছাড়া বিভিন্ন সিটি করপোরেশন এলাকাতেও উল্লেখযোগ্য সংখ্যক শিশু হাম-রুবেলা টিকা পেয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪ লাখ ৯০ হাজার ৫৪৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ লাখ ৯৬ হাজার ৯৪৯ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনে ২ লাখ ৫৩ হাজার ৬৬২ জন, গাজীপুর সিটি করপোরেশনে ১ লাখ ৮০ হাজার ৮৬১ জন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৭৭ হাজার ৮৮ জন শিশু টিকা গ্রহণ করেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ৫ এপ্রিল প্রথম ধাপে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় এই বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়। ইতোমধ্যে ওইসব উপজেলায় কার্যক্রম সম্পন্ন হয়েছে।
কর্মসূচি শেষ হওয়া এলাকাগুলোতে হামের রোগীর সংখ্যা কমতে শুরু করেছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাপক টিকাদান কার্যক্রমের ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়