1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. admiztuem@example.com : admiztuem :
  3. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  4. info@www.media71bd.com : TV :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু হচ্ছে রোববার (১০ মে)। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে এ আয়োজনের উদ্বোধন হবে। আগামী ১৩ মে পর্যন্ত চলবে এবারের পুলিশ সপ্তাহ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন পুলিশ কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, একটি রাষ্ট্রের স্থিতিশীলতা, সুশাসন ও উন্নয়ন অনেকাংশে নির্ভর করে পুলিশ বাহিনীর সততা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর। তিনি বলেন, জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে সাইবার অপরাধ, এআই ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার, আর্থিক প্রতারণা, জঙ্গিবাদ, মানবপাচার ও মাদক পাচারের মতো অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে হবে। একই সঙ্গে বাহিনীর স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবাধিকার নিশ্চিতে গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা বর্তমানে সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের জনগণের আস্থা ও সেবার প্রতীক হিসেবে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে আরও জনবান্ধব, গতিশীল ও জবাবদিহিমূলক বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত রয়েছে।

এবারের পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তাঁর নেতৃত্বে বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেবেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের সাহসিকতা, বীরত্ব, অপরাধ দমন, তদন্ত দক্ষতা, সততা ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’, ‘বিপিএম-সেবা’ এবং ‘পিপিএম-সেবা’ প্রদান করা হবে। প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেবেন।

বার্ষিক প্যারেডে মন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিক, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। পাশাপাশি টেলিভিশন চ্যানেলগুলোতে বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচার করা হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ সাজানো হবে বর্ণিল আলোকসজ্জায়।

এবারের পুলিশ সপ্তাহের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে— প্রধানমন্ত্রী কর্তৃক পুনাক স্টল পরিদর্শন, কল্যাণ প্যারেড, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, আইজি’স ব্যাজ ও শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদক উদ্ধার পুরস্কার বিতরণ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় সভা।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বিভিন্ন কর্মঅধিবেশনে বিগত বছরের কার্যক্রম মূল্যায়ন এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। আগামী ১৩ মে পুলিশ সপ্তাহের সমাপ্তি ঘটবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!