1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

সৈয়দপুরে অ্যাম্বুলেন্সে বিশেষ ট্যাংকারে তেল পাচার, আটক ৭

রাইসুল হক, বিশেষ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নীলফামারীর সৈয়দপুরে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের ভেতরে বিশেষভাবে তৈরি ট্যাংকার ব্যবহার করে জ্বালানি তেল পাচারের সময় একটি চক্রকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে সৈয়দপুর শহরের বাইপাস সড়কের মেসার্স রোকেয়া ফিলিং স্টেশন-এ এই অভিযান পরিচালিত হয়।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেনের নেতৃত্বে পরিচালিত এই ঝটিকা অভিযানে সহযোগিতা করে সৈয়দপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের ভেতরে বড় আকারের গোপন ট্যাংকার বসিয়ে অবৈধভাবে জ্বালানি তেল পাচার করে আসছিল।

তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে অভিযুক্তরা রোকেয়া ফিলিং স্টেশনে তেল ভরার সময় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালায়। এ সময় অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানসহ সাতজনকে আটক করা হয়।

অভিযানকালে গাড়ি দুটির ভেতর থেকে আনুমানিক ৩ হাজার লিটার অকটেন জব্দ করা হয়, যা বিশেষভাবে তৈরি ট্যাংকারে সংরক্ষণ করা হয়েছিল। এ ধরনের পদ্ধতিতে তেল পাচার দেশের জ্বালানি ব্যবস্থাপনায় বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক সাতজনের মধ্যে একজনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাকি ছয়জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল পাচারের দায়ে সাতজনকে আটক ও জরিমানা করা হয়েছে। তারা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। জরিমানার অর্থ পরিশোধ করলে আইনানুযায়ী তাদের মুক্তি দেওয়া হবে।”

তিনি আরও জানান, জব্দ করা প্রায় ৩ হাজার লিটার অকটেন পার্শ্ববর্তী একটি পাম্পে পরিমাপ করা হবে এবং সরকারি বিধি অনুযায়ী তা জনসাধারণের মাঝে বিতরণের ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জ্বালানি তেল পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবার গাড়ি ব্যবহার করে এ ধরনের অপরাধ সংঘটিত হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এতে একদিকে যেমন আইন ভঙ্গ হচ্ছে, অন্যদিকে জরুরি সেবার ওপর মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!