
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে পাস হওয়া ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের একটি ব্যয় আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছেন দেশটির একটি ফেডারেল আপিল আদালত। আইনটি পাসের সময় কংগ্রেসের অনেক সদস্য সরাসরি উপস্থিত না থেকে অন্য সদস্যদের মাধ্যমে প্রক্সি ভোট দিয়েছিলেন। আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারকদের মতে, এ ধরনের ভোট কংগ্রেসের কোরাম পূরণের জন্য গণনা করা যায় না।
করোনাভাইরাস মহামারির সময় সংক্রমণের ঝুঁকি এড়াতে কংগ্রেস সদস্যদের প্রক্সি ভোট দেওয়ার সুযোগ চালু করা হয়েছিল। এই বিশেষ ব্যবস্থার আওতায় ২০২২ সালে ব্যয় বিলটি পাস হয়।
শুক্রবার ৯-৮ ভোটে দেওয়া রায়ে আপিল আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা বলেন, মার্কিন সংবিধান অনুযায়ী কংগ্রেসের অধিবেশনে কোরাম পূরণের ক্ষেত্রে সদস্যদের প্রক্সি ভোট গণনা করা যায় না। ফলে আইনটি পাসের প্রক্রিয়া অসাংবিধানিক ছিল। এর আগে ২০২২ সালে একজন জেলা আদালতের বিচারকও একই সিদ্ধান্ত দিয়েছিলেন।
২০২২ সালে ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের সমন্বিত ব্যয় বিলটি প্রতিনিধি পরিষদে ২২৫ ভোটে ওঠে। এর মধ্যে ২০১ ভোটে বিলটি পাস হয়। ভোটের সময় একজন সদস্য অনুপস্থিত ছিলেন।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ দেওয়া বিচারপতি কোরি উইলসনের লেখা সংখ্যাগরিষ্ঠের রায়ে বলা হয়, প্রক্সি ভোটের ব্যবস্থা চালু রাখার পক্ষে সরকার কোনো ‘জরুরি পরিস্থিতির অস্তিত্ব’ প্রমাণ করতে পারেনি।
২০২৩ সালে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এ মামলা করেন। টেক্সাসে ‘প্রেগন্যান্ট ওয়ার্কার্স ফেয়ারনেস অ্যাক্ট’-এর প্রয়োগ বন্ধ করাই ছিল তার আবেদনের মূল উদ্দেশ্য। আইনটিতে নির্দিষ্ট কিছু নিয়োগকর্তাকে গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। শুক্রবারের রায়ে প্যাক্সটনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আইন বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন, আইনটি পাসের প্রক্রিয়াকে অসাংবিধানিক ঘোষণা করা হলে এর প্রভাব অন্য আইনেও পড়তে পারে। কারণ, যুক্তরাষ্ট্রে প্রক্সি ভোটের মাধ্যমে পাস হওয়া আরও অনেক আইন রয়েছে।
শ্রমিক অধিকারবিষয়ক সংস্থা ‘এ বেটার ব্যালান্স’-এর সভাপতি ইনিমাই চেটিয়া বলেন, ফিফথ সার্কিটের আওতাভুক্ত রাজ্যগুলোতে গর্ভবতী কর্মীদের অধিকার রক্ষায় এ রায়ের বড় প্রভাব পড়তে পারে। আইনটির বিধান তৈরির সময় তার সংস্থা আইনপ্রণেতাদের সঙ্গে কাজ করেছিল।
চেটিয়া বলেন, এসব রাজ্যের কোনো কর্মী কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা চাইলে এবং নিয়োগকর্তা তা দিতে অস্বীকার করলে ওই কর্মী পরবর্তী সময়ে মামলা করতে পারেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা আদালতের বিচারক শুক্রবারের রায়ের উল্লেখ করতে পারেন। তার মতে, আইনটি অসাংবিধানিকভাবে প্রণীত হয়েছে—আদালতের এমন সিদ্ধান্ত মামলার নির্দিষ্ট গণ্ডি ছাড়িয়ে প্রভাব ফেলতে পারে।
তবে সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা রায়ে উল্লেখ করেছেন, এ সিদ্ধান্তের প্রয়োগের ক্ষেত্র সীমিত। এটি শুধু টেক্সাসে আইনটির কার্যকারিতার ক্ষেত্রে প্রযোজ্য।
অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগ দেওয়া বিচারপতি জেমস গ্রেভস জুনিয়র এ রায়ের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন। তার মতে, সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা মার্কিন সংবিধানের কোরাম-সংক্রান্ত ধারার ভুল ব্যাখ্যা করেছেন।
গ্রেভস লিখেছেন, ভোটের সময় প্রয়োজনীয় সংখ্যক সদস্য শারীরিকভাবে উপস্থিত না থাকলেও কোরাম নিয়ে কোনো সদস্য আপত্তি জানাননি। সংবিধানে আইনপ্রণেতাদের শারীরিক উপস্থিতি বাধ্যতামূলক করার মতো অতিরিক্ত কোনো শর্ত আরোপ করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
২০২২ সালের ওই ব্যয় বিলে বিভিন্ন ফেডারেল সংস্থার কার্যক্রম পরিচালনার জন্য অর্থ বরাদ্দের পাশাপাশি ইউক্রেন ও ন্যাটোর মিত্রদেশগুলোর জন্য প্রায় ৪৫ বিলিয়ন ডলার জরুরি সহায়তা রাখা হয়েছিল। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রায় ৪০ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছিল।