1. 0u5r3ETJSCD7FY@gmail.com : 0u5r3ETJSCD7FY :
  2. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  3. live@www.media71bd.com : Media 71 : Media 71
  4. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাতক্ষীরায় নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা গত ৩ মাসে সাতক্ষীরার সীমান্তে প্রায় ৯২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫৯ বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠানো হবে: প্রধানমন্ত্রী মুল্ডারের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বড় জয় দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন মিমি চক্রবর্তী, পাত্র মেরিন ইঞ্জিনিয়ার যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের, নেতানিয়াহুর বৈঠক আজ রাজধানীর পল্লবীতে মধুমতী পরিবহনের বাসে আগুন, পুড়েছে ১০টি আসন ঢাকায় আসছেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা ভিনসেন্ট মুন, থাকছে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ও কার্যালয়ে হামলা, বন্ধ ২৯টির কার্যক্রম টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

তৃতীয় টার্মিনাল থেকে ১৩.৫ শতাংশ রাজস্ব পাবে সরকার, বিমানের হাতে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের অর্ধেক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেতে যাওয়া জাপানি কনসোর্টিয়ামের কাছ থেকে প্রাথমিক ছয় মাসে ১৩ দশমিক ৫ শতাংশ রাজস্ব পাবে বাংলাদেশ সরকার। পাশাপাশি টার্মিনালটির আন্তর্জাতিক ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সর্বোচ্চ ৫০ শতাংশ পরিচালনার দায়িত্ব পাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সোমবার (২৩ নভেম্বর) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত চুক্তি অনুযায়ী, তৃতীয় টার্মিনাল হস্তান্তরের পর প্রথম আট মাসকে কার্যক্রম শুরুর প্রস্তুতিপর্ব হিসেবে বিবেচনা করা হবে। এ সময়ে বাংলাদেশ সরকার কোনো রাজস্ব পাবে না। পরবর্তী ছয় মাসে জাপানি কনসোর্টিয়াম টার্মিনালের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ সরকারকে দেবে।

হস্তান্তরের ১৪ মাস পর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে জাপানি কনসোর্টিয়ামটি ১৫ বছর টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।

পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর পর যাত্রীপ্রতি ২ দশমিক ১০ মার্কিন ডলার বাংলাদেশ সরকারকে দেবে জাপানি কনসোর্টিয়াম, যা যাত্রী রাজস্বের ২০ শতাংশের সমান। এ ছাড়া কার্গো পরিবহন থেকে অর্জিত রাজস্বের ২৭ শতাংশ অথবা প্রতি টনে ১১ দশমিক ৫০ ডলার সরকারকে দেওয়ার শর্ত রয়েছে। কনসেশন স্বত্বের বিনিময়ে অপারেটর প্রতিষ্ঠানটি এককালীন ৮১ লাখ ডলার বা প্রায় ১০০ কোটি টাকা পরিশোধ করবে।

তবে নতুন টার্মিনাল ব্যবহারকারী বহির্গামী যাত্রীদের বাড়তি মাশুল দিতে হবে। চুক্তি অনুযায়ী, যাত্রীপ্রতি বহির্গমন ফি নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫৬০ টাকা। বর্তমানে বিমানবন্দরের ১ ও ২ নম্বর টার্মিনালে এ বাবদ নেওয়া হয় ৫০০ টাকা। অর্থাৎ নতুন টার্মিনালে যাত্রীদের বহির্গমন মাশুল বর্তমানের তুলনায় তিন গুণেরও বেশি হবে।

চুক্তির শর্ত অনুযায়ী, তৃতীয় টার্মিনাল থেকে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার সর্বোচ্চ ৫০ শতাংশ পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি সেবার দায়িত্ব পালনের জন্য প্রাথমিক পরিচালনা পর্যায়ে অন্য একটি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে।

সোমবারের বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আশা করছে সরকার। এর মাধ্যমে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর পথ তৈরি হবে।

প্রাথমিকভাবে টার্মিনালটি দিয়ে চারটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট দিয়ে উদ্বোধনী যাত্রা শুরু হবে। শুরুতে ২৫ শতাংশ সক্ষমতায় কার্যক্রম চালুর পরিকল্পনা থাকলেও জাপানি কনসোর্টিয়াম তাৎক্ষণিকভাবে সেই সক্ষমতায় পৌঁছাতে পারবে না বলে জানিয়েছেন মন্ত্রী। ডিসেম্বরে সীমিত পরিসরে কার্যক্রম শুরুর পরবর্তী ১৪ মাসের মধ্যে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনা রয়েছে।

তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে যাওয়া জাপানি কনসোর্টিয়ামে রয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি লিমিটেড, সুমিতোমো করপোরেশন, নিপ্পন কোয়েই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন।

প্রায় ২২ হাজার ২১৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালে। ২০২৭ সালে প্রকল্পটির নির্মাণকাজ পুরোপুরি শেষ হওয়ার কথা রয়েছে।

২০১৮ সালে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আওতায় জাপানি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। ২০২৩ সালের জানুয়ারিতে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিও এ প্রস্তাব অনুমোদন করে। তবে রাজনৈতিক পটপরিবর্তন ও অস্থিরতার কারণে পরবর্তী সময়ে প্রক্রিয়াটি থমকে যায়।

গত ৩ ফেব্রুয়ারি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জাপানি কনসোর্টিয়ামের অনুকূলে রিকোয়েস্ট ফর প্রপোজাল (আরএফপি) জারির প্রক্রিয়া বাতিল করে। একই সময়ে জাপান সরকারের সঙ্গে জিটুজি-পিপিপি পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম বাতিলের প্রস্তাবও অনুমোদন করা হয়।

১৭ ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হয়। তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে কয়েকটি দেশ আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত জাপানি কনসোর্টিয়ামের সঙ্গেই চুক্তি করতে যাচ্ছে সরকার।

বিনিয়োগ সুরক্ষার জন্য চুক্তিতে ‘স্ট্যাবিলাইজেশন ক্লজ’ বা স্থিতিশীলতা ধারা যুক্ত করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ আইনে পরিবর্তন এলেও চুক্তির শর্ত পরিবর্তন করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। এ ধারার সমর্থনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক নিশ্চয়তাপত্র দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page