
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত লেখক, প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু আর নেই। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এক পোস্টে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুকু আপা আর আমাদের মাঝে নেই। মহান আল্লাহ তাআলা তার জীবনের সব ভুলত্রুটি ও গুনাহ ক্ষমা করে দিন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী। দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে সৃজনশীল কাজের মাধ্যমে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনি জটিলতায় ভুগছিলেন এই গুণী নির্মাতা।
মাতিয়া বানু শুকুর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’ ও ‘গোল্লাছুট’-এর মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক। লেখালেখি, চিত্রনাট্য রচনা ও পরিচালনার পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাতিয়া বানু শুকু।
এদিকে, শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে।
পরে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।