ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠা করতে হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি এবং ২১ চেতনার সম্পূর্ণ পরিপন্থি। বিশেষ করে বাংলাদেশের সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। নারী, ধর্মীয়, জাতিগত সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধী সহ প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার সুরক্ষা করা ২১ চেতনার মূল বিষয়। এই অধিকারের বিরুদ্ধে যে কোনো শক্তিকে প্রতিহত করতে হবে।
টিআইবির নামকরণ বিষয়ে তিনি বলেন, সংস্থাটি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত। ভাষার আন্দোলন বাংলার অধিকারকে সীমাবদ্ধ করে দেখায় না, বরং সকল ভাষার গুরুত্বকে স্বীকৃতি দিয়েছে। তিনি উল্লেখ করেন, “‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শব্দবন্ধের অর্থ হলো প্রত্যেক মানুষের নিজস্ব মাতৃভাষা চর্চার সমান অধিকার নিশ্চিত করা।”
ড. ইফতেখারুজ্জামান যোগ করেন, সব মানুষের সমান অধিকার এবং নির্বিঘ্নে ভাষা চর্চার পথের অন্তরায় চিহ্নিত করতে হবে। এই পথের অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি ও ধর্মান্ধতা।







