রাঙামাটি শহরের রূপনগর এলাকায় বসবাসরত শতাধিক পরিবারকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রচেষ্টার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে রূপনগর এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এলাকাবাসী জানান, তারা গত কয়েক দশক ধরে শান্তিপূর্ণভাবে এই এলাকায় বসবাস করে আসছেন। রূপনগর শুধু তাদের বসবাসের স্থান নয়, বরং এটি তাদের পূর্বপুরুষের স্মৃতি বহনকারী এলাকা এবং জীবিকা নির্বাহের প্রধান কেন্দ্র। হঠাৎ করে কোনো পূর্বপরিকল্পনা বা পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া উচ্ছেদ প্রচেষ্টা শুরু হওয়ায় তারা চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে রয়েছেন।
বক্তারা অভিযোগ করেন, যথাযথ বিকল্প ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হলে শতাধিক পরিবার মারাত্মক মানবিক সংকটে পড়বে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হতে পারেন, যা একটি বড় ধরনের মানবিক বিপর্যয়ের সৃষ্টি করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হবে এবং শ্রমজীবী মানুষের আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তারা আরও বলেন, উন্নয়নের নামে সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী। এলাকাবাসী উন্নয়নের বিরোধিতা করছেন না, তবে তাদের দাবি—যথাযথ পুনর্বাসন নিশ্চিত না করে কোনো উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হলে তা টেকসই হবে না।
সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম অবিলম্বে স্থগিত করা, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সম্মানজনক পুনর্বাসন ও প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদান, দীর্ঘদিন ধরে বসবাসরত পরিবারগুলোর জন্য স্থায়ী লিজ বা আইনি স্বীকৃতি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে একটি মানবিক ও গ্রহণযোগ্য সমাধান বের করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ জানান, তারা সরকারের কাছে শান্তিপূর্ণ ও মানবিক সমাধান প্রত্যাশা করছেন। তবে পুনর্বাসন ছাড়া জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করা হলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।
এ সময় রূপনগর এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হবি, আব্দুল হালিম এবং সচেতন রাঙামাটিবাসীর পক্ষে মো. তাজুল ইসলাম তাজ, আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর এই উদ্যোগ রূপনগরের বর্তমান পরিস্থিতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। এখন প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়, সেটিই পরিস্থিতির পরবর্তী দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়