1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৭ আসনের গেজেট প্রকাশ, শপথ সোমবার হতে পারে

মিডিয়া ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের ফলাফল প্রকাশ করা হয়। মোট ১২ হাজার ৭১৩ পৃষ্ঠার এই গেজেটে নির্বাচিতদের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

নির্বাচন কমিশনের আদেশক্রমে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে গেজেটটি প্রকাশিত হয়। এতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নং-১৫৫) এর অনুচ্ছেদ ৩৯-এর দফা (৪) অনুসারে নির্বাচনী এলাকা থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম ও ঠিকানা প্রকাশ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে ইসি। পরদিন গভীর রাতে সেই ফলাফলের চূড়ান্ত তালিকা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হলো।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

গেজেটে সংসদীয় আসন নম্বর ১ থেকে ৩০০ পর্যন্ত ক্রমানুসারে নবনির্বাচিত সংসদ সদস্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ না হওয়া এবং ভোটগ্রহণ শেষে আইনগত জটিলতায় স্থগিত রাখা দুটি আসনের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানে তথ্য ফাঁকা রাখা হয়েছে।

গেজেট প্রকাশের মাধ্যমে সাংবিধানিকভাবে নতুন সংসদ গঠনের প্রক্রিয়া শুরু হলো। এখন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আনুষ্ঠানিক তারিখ ঘোষণার অপেক্ষা। বিভিন্ন সূত্রে জানা গেছে, আগামী সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে।

গেজেট দেখতে এখানে ক্লিক করুন

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!