আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো আজ। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
একুশের ভোরে ঢাকার আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও কুরআনখানির আয়োজন করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন মসজিদ, মন্দির ও উপাসনালয়ে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।
১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রসমাজ ১৪৪ ধারা ভেঙে রাজপথে নেমে আসে। আন্দোলনের সময় পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিকসহ আরও অনেকে শহিদ হন। তাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় এবং ভাষা আন্দোলন বাঙালির স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচনা করে।
১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বব্যাপী ভাষার বৈচিত্র্য ও মাতৃভাষার অধিকার রক্ষার প্রতীক হিসেবে দিবসটি পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার ও রাজধানীসহ সারা দেশে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়