1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

নারীর সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: তারেক রহমান

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬

তারেক রহমান বলেছেন, শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে শনিবার (৭ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে এবং সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে কাজ করতে পারবে।

তিনি বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এবারের প্রতিপাদ্য— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”— অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী। তাদের রাষ্ট্র ও রাজনীতির মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে সামগ্রিক উন্নয়নও সম্ভব নয়।

তিনি বলেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং ‘মাদার অব ডেমোক্রেসি’ খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে নারী বিষয়ক দফতর প্রতিষ্ঠা এবং ১৯৭৮ সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়, যা পরে ১৯৯৪ সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়।

তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়ার উদ্যোগে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করা হয়েছিল, যা নারীর ক্ষমতায়নে বৈপ্লবিক সিদ্ধান্ত ছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে।

তিনি জানান, ভবিষ্যতে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করা, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, মেয়েদের জন্য ফ্রি স্কুল ইউনিফর্ম, ডিজিটাল লার্নিং সুবিধা এবং আধুনিক শিক্ষাব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সাইবার বুলিং ও অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

সবশেষে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!