আগামী জুলাই মাস থেকে দেশের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর মো. মোস্তাকুর রহমান।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি)-এর উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
গভর্নর বলেন, দেশে ক্যাশলেস সোসাইটি গঠন এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও শক্তিশালী করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, ব্যাংকগুলোর ৪২৫ কোটি টাকার মূলধন বিনিয়োগের পাশাপাশি ভেঞ্চার ক্যাপিটাল খাতে আরও ৫০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক।
দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের অংশগ্রহণে ৪২৫ কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে বিএসআইসি। ব্যাংকগুলো তাদের বার্ষিক মুনাফার ১ শতাংশ অবদান রেখে এই বিশেষ তহবিল গঠন করেছে। এই তহবিল থেকে সিড, লেট সিড এবং সিরিজ-এ পর্যায়ের উদ্যোক্তাদের বিনিয়োগ সহায়তা দেওয়া হবে।
বিএসআইসি চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, এই সুবিধা শুধু প্রযুক্তিভিত্তিক স্টার্টআপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও (এসএমই) মূলধন সহায়তা পাবেন। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীলতা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলা কিউআর হলো বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি আন্তঃলেনদেনযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে যেকোনো ব্যাংক অ্যাপ বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস—যেমন বিকাশ, নগদ কিংবা রকেট ব্যবহার করে নিরাপদে অর্থ লেনদেন করা যাবে।
এ ব্যবস্থায় গ্রাহকরা ছোট মুদি দোকান থেকে বড় শপিং মল পর্যন্ত স্মার্টফোনের মাধ্যমে দ্রুত পেমেন্ট করতে পারবেন। অন্যদিকে ব্যবসায়ীরা আলাদা কোনো অ্যাপ বা ডিভাইস ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে লেনদেনের হিসাব সংরক্ষণ করতে পারবেন।
বাংলা কিউআর গ্রহণের প্রক্রিয়াও সহজ করা হয়েছে। যেকোনো ব্যাংকে সঞ্চয়ী, চলতি বা এসএনডি হিসাব এবং বৈধ ব্যবসা প্রতিষ্ঠান থাকলে আবেদন করা যাবে। নির্ধারিত ফরম পূরণ করে ব্যাংকে জমা দিলে সাধারণত ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে কিউআর কোড পাওয়া যাবে।
ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে মাসিক লেনদেন ১০ লাখ টাকার মধ্যে হলে শুধু জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি জমা দিলেই হবে। তবে ১০ লাখ টাকার বেশি লেনদেনকারীদের এনআইডি ও ছবির পাশাপাশি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ জমা দিতে হবে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়