সীমান্ত নিরাপত্তা জোরদার করতে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং অনুপ্রবেশ প্রতিরোধে বড় বার্তা দিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সীমান্তে বেড়া নির্মাণের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি সীমান্ত দিয়ে যেকোনো ধরনের ‘পুশইন’ বা অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কোরবানির পশুর হাটের নিরাপত্তা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। এ বিষয়ে ভারতের সঙ্গে সরকারি পর্যায়ে আলোচনা করা হবে। তার ভাষায়, সরকারের প্রধান লক্ষ্য হলো সীমান্ত নিরাপদ রাখা এবং কোনোভাবেই যেন অবৈধ অনুপ্রবেশ না ঘটে তা নিশ্চিত করা।
তিনি আরও জানান, সরকার সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন পশুর হাটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাজধানীসহ দেশের সব পশুর হাটে আনসার সদস্য মোতায়েন থাকবে।
হাটে চাঁদাবাজি, অতিরিক্ত ইজারা আদায় কিংবা সাধারণ ক্রেতা-বিক্রেতাদের হয়রানির অভিযোগ পাওয়া গেলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
এ ছাড়া পশুর হাটে কোনো ধরনের অনিয়ম বা চাঁদাবাজির শিকার হলে তাৎক্ষণিকভাবে ১৬৬১৩ নম্বরে হটলাইনে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়