সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) আঞ্জুমান আরা লিমা তার পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১৩ মে) পারিবারিক দায়বদ্ধতার কারণ উল্লেখ করে তিনি অ্যাটর্নি জেনারেল বরাবর পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি জানান, বৃহস্পতিবার (১৪ মে) থেকে তার পদত্যাগ কার্যকর হবে। ২০২৪ সালের ২৪ আগস্ট এই পদে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি রাষ্ট্রের আইনি সেবায় দায়িত্ব পালন করে আসছিলেন।
পদত্যাগপত্রে আঞ্জুমান আরা লিমা উল্লেখ করেন, বিদেশে পারিবারিক দায়িত্ব ও ব্যক্তিগত দায়বদ্ধতা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বর্তমান পেশাগত দায়িত্ব পালনে পর্যাপ্ত সময় ও মনোযোগ দেওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোই তিনি সমীচীন মনে করেছেন।
তিনি আরও বলেন, দায়িত্বের প্রতি পূর্ণ নিষ্ঠা বজায় রাখা সম্ভব না হলে পদে থাকা উচিত নয়—এ বিবেচনায় তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেন। পাশাপাশি দায়িত্ব পালনকালে সহকর্মী ও সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার কর্মজীবনের অভিজ্ঞতাকে মূল্যবান বলে উল্লেখ করেন।
এর আগে গত ৫ মে আরেক সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলামও পদত্যাগ করেছিলেন। ধারাবাহিক এসব পদত্যাগ আইন অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।
এদিকে আঞ্জুমান আরা লিমার পদত্যাগের পর সৃষ্ট শূন্যতা পূরণে নতুন নিয়োগ দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়