কৃষকের সংকট ও সরকারি নীতির কার্যকারিতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (১৩ মে) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে কৃষকের সংকট নিরসনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাজারে বিভিন্ন ধরনের কার্ড ও সহায়তা কর্মসূচি চালু থাকলেও কৃষকরা বাস্তবে কতটা সুবিধা পাচ্ছে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সরকারের এসব উদ্যোগের কার্যকারিতা আরও যাচাই করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের দেওয়া কার্ড বা প্রতিশ্রুতি যদি ব্যর্থ হয়, তবে জনগণের পক্ষ থেকে ভবিষ্যতে ‘লাল কার্ড’ দেখানো হবে। তিনি কেবল প্রতীকী সহায়তার পরিবর্তে প্রান্তিক মানুষের সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
সীমান্ত পরিস্থিতি ও আঞ্চলিক রাজনীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। অভিযোগ করে বলেন, ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান সরকার বাংলাদেশের সীমান্ত এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করছে। তিনি এ ধরনের যেকোনো উসকানি প্রতিহত করতে সরকারের কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। তিনি দেশের বর্তমান কৃষি পরিস্থিতি তুলে ধরে জানান, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে চলতি মৌসুমে প্রায় ৫ থেকে ৭ শতাংশ বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, এই ক্ষতির প্রভাবে ভবিষ্যতে খাদ্য সংকট ও মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে এখনই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।
ড. জাহাঙ্গীর আলম আরও বলেন, দেশের বাজেট বাড়লেও কৃষি খাতে বরাদ্দ প্রত্যাশিত হারে বাড়ছে না। কৃষির গুরুত্ব বিবেচনায় মোট বাজেটের অন্তত ১০ শতাংশ বরাদ্দের দাবি জানান তিনি।
এছাড়া কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে একটি স্বতন্ত্র ‘প্রাইস কমিশন’ গঠনেরও আহ্বান জানান তিনি। সভায় বক্তারা কৃষকদের সুরক্ষা ও জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়