সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর নেই। তিনি কার্যক্রম নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সরাসরি অংশ না নিয়ে তার ছেলে মাহবুব রহমান রুহেলকে আসনটি ছেড়ে দেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ওই বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তিনি গ্রেফতার হন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক সহিংসতাসহ একাধিক মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বিভিন্ন ধাপে তিনি আদালত থেকে জামিন পান। ২০২৫ সালের ১৪ আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি কারামুক্ত হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে, তবে স্থান ও সময় এখনো নির্ধারণ হয়নি। পরে বৃহস্পতিবার (১৪ মে) বাদ আসর চট্টগ্রামের মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়