অভ্যন্তরীণ অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠার পর দেশের জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনী তাদের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। বুধবার (১৩ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রকাশনীর অন্যতম অংশীদার কাজী শাহনূর হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় সম্প্রতি কর্তৃপক্ষের নজরে এসেছে। নিরপেক্ষ ও সুষ্ঠু অডিট কার্যক্রম পরিচালনার স্বার্থে সাময়িকভাবে সব কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে।
বুধবার সন্ধ্যায় সেবা প্রকাশনীর ফেসবুক পেইজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেন-এর ছোট ছেলে কাজী মায়মুর হোসেনের স্ত্রী ও প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর।
এক পৃথক পোস্টে মাসুমা মায়মুর জানান, ২০২০ সাল থেকে তিনি প্রকাশনীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করলেও বিভিন্ন কারণে কার্যকরভাবে কাজ করতে পারেননি। তিনি দাবি করেন, প্রতিষ্ঠানের কিছু অসাধু ব্যক্তি তাকে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে বাধা দিয়েছেন।
তার ভাষ্য অনুযায়ী, গত দুই মাস ধরে ব্যক্তিগতভাবে অনুসন্ধান চালিয়ে তিনি আর্থিক অনিয়মের বিষয়ে কিছু প্রাথমিক তথ্য ও প্রমাণ পেয়েছেন। বর্তমানে একটি স্বাধীন অডিট ফার্মের মাধ্যমে পূর্ণাঙ্গ অডিট কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মাসুমা আরও বলেন, অনিয়মের তথ্য জানার পর তিনি ব্যক্তিগতভাবে নানা ধরনের চাপের মুখে পড়েন। একই সময়ে তার স্বামী কাজী মায়মুর হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা একপর্যায়ে তাকে লাইফ সাপোর্টে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। তবে বর্তমানে তিনি দীর্ঘমেয়াদি চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান, অনিয়মের বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। অডিট সম্পন্ন হওয়ার পর প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে “সেবা প্রকাশনী প্রাইভেট লিমিটেড” নামে আরও সুসংগঠিতভাবে পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
সেবা প্রকাশনীর লেখকদের উদ্দেশে তিনি বলেন, ব্যবস্থাপনার দুর্বলতার দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না এবং লেখকদের প্রাপ্য রয়্যালটি যথাযথভাবে পরিশোধ করা হবে।
পাঠকদের উদ্দেশে মাসুমা মায়মুর বলেন, “আমি বেঁচে থাকতে সেবা প্রকাশনী হারিয়ে যাবে না।” তিনি জানান, ভবিষ্যতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় আরও সক্রিয় ভূমিকা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
১৯৬৩ সালের মে মাসে ঢাকায় কাজী আনোয়ার হোসেন প্রতিষ্ঠা করেন সেবা প্রকাশনী। গোয়েন্দা, থ্রিলার, অ্যাডভেঞ্চার ও অনুবাদ সাহিত্যের জন্য প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাংলা ভাষার পাঠকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।