যুক্তরাষ্ট্র নতুন করে আগ্রাসন চালালে তার কঠোর জবাব দিতে ইরানের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছেন বাঘের ঘালিবাফ।
সোমবার (১১ মে) মার্কিন প্রেসিডেন্ট Donald Trump তার সামরিক জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। ইরানের সঙ্গে চলমান আলোচনা অচলাবস্থায় পৌঁছানোর পর এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, ইরানকে নতুন চুক্তিতে বাধ্য করতে আবারও সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন।
এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাল্টা প্রতিক্রিয়া জানান বাঘের ঘালিবাফ। তিনি বলেন, ইরানের ১৪ দফা দাবির মধ্যেই দেশটির জনগণের অধিকার নিহিত রয়েছে এবং এসব দাবি মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে অন্য কোনো পথ নেই।
তিনি লিখেছেন, “যে কোনো নতুন আগ্রাসনের যথোপযুক্ত জবাব দিতে ইরান প্রস্তুত। ভুল কৌশল ও ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফলাফল বয়ে আনে। পুরো বিশ্ব ইতোমধ্যে তা দেখেছে। আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। তারা বিস্মিত হবে।”
ঘালিবাফ আরও দাবি করেন, সামরিক চাপ বা আগ্রাসনের নীতি আর কার্যকর হবে না। তার ভাষায়, “অন্য কোনো পদ্ধতি সফল হবে না, বরং একের পর এক ব্যর্থতা আসবে। সময় যত গড়াবে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থের অপচয় তত বাড়বে।”
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়