যানবাহনে Bangladesh Road Transport Authority (বিআরটিএ) নির্ধারিত নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার না করলে আগামী সপ্তাহ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে Dhaka Metropolitan Police (ডিএমপি)।
সোমবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি যানবাহনে নির্ধারিত রং, ডিজাইন ও সাইজ অনুযায়ী সরকারি নম্বর প্লেট ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু অনেক গাড়িতে এখনো হাতে লেখা বা অননুমোদিত নম্বর প্লেট ব্যবহার করা হচ্ছে, যা আইনবিরোধী।
এছাড়া অনেকে ফি জমা দিলেও বিআরটিএ থেকে নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করেননি। কিছু যানবাহনের কাচে লাগানো ট্যাগও অকার্যকর অবস্থায় রয়েছে, যার ফলে ট্রাফিক নিয়ন্ত্রণ ও ডিজিটাল নজরদারিতে সমস্যা হচ্ছে।
ডিএমপি জানায়, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে আগামী সপ্তাহ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ সময় নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগবিহীন যানবাহনের বিরুদ্ধে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সকল গাড়ির মালিককে দ্রুত বিআরটিএ নির্ধারিত নিয়ম অনুযায়ী নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ ও ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়