
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এ তথ্য জানান তিনি।
এর আগে গত ৩০ আগস্ট সংসদে বিমানমন্ত্রী জানিয়েছিলেন, বিগত সরকার তৃতীয় টার্মিনাল চালুর নামে একটি ভবন উদ্বোধন করলেও এর গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ কাজ তখনও শেষ হয়নি। টার্মিনালটি চালু করতে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন হবে বলেও জানিয়েছিলেন তিনি।
২০১৭ সালে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প গ্রহণ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু হয়।
প্রকল্পে সরকার ৫ হাজার কোটি টাকা অর্থায়ন করে। বাকি অর্থ জাপানি সংস্থা জাইকার ঋণ থেকে নেওয়া হয়।
২০২৩ সালের ৭ অক্টোবর তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়। তখন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছিল, ২০২৪ সালের মধ্যে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এবার আগামী ১৬ ডিসেম্বর থেকে এর কার্যক্রম শুরুর নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।