1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

চার জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু, আহত কয়েকজন

আবহাওয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

দেশের চার জেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নেত্রকোণায় তিনজন, সুনামগঞ্জে তিনজন, হবিগঞ্জে দুইজন এবং নোয়াখালীতে একজন রয়েছেন। এ সময় কয়েকজন আহত হয়েছেন।

নেত্রকোণা: জেলে ও দুই কৃষকের মৃত্যু

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক জেলে ও দুই কৃষকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, জগন্নাথপুর ইউনিয়নের গোদারাঘাট এলাকায় ধনু নদে মাছ ধরতে গিয়ে আব্দুল মোতালিব (৫৫) বজ্রপাতে নিহত হন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।

এ ছাড়া সাতগাঁও গ্রামে বাড়ির সামনে হাওরে ধান শুকাতে গিয়ে মোনায়েম খাঁ পালান নামে এক কৃষক মারা যান। বিকেলে কৃষ্ণপুর এলাকার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান মো. শুভ মন্ডল নামে আরেক কৃষক।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে।

সুনামগঞ্জ: হাওরে তিন কৃষকের প্রাণহানি

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন।
সদর উপজেলার বৈঠাখালী গ্রামের জমির হোসেন (৪২), আব্দুল্লাহপুর গ্রামের জমির উদ্দিন (৪৬) এবং জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের আবু সালেহ (২২) বজ্রপাতে নিহত হন।

শান্তিগঞ্জ উপজেলার হাওরে আহত তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হবিগঞ্জ: পৃথক ঘটনায় দুইজন নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
নবীগঞ্জ উপজেলার গড়দার হাওরে ধান কাটার সময় মকছুদ আলী (৪০) ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকায় আব্দুস সালাম (৩৫) বাড়ির পাশে ধান আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী: হাতিয়ায় যুবকের মৃত্যু

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ আরাফাত হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় শুকাতে দেওয়া বাদাম আনতে গিয়ে বজ্রপাতে তিনি মারা যান।

হাতিয়া থানার ওসি কবির হোসেন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কালবৈশাখী মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বাড়ে। এ সময় খোলা জায়গা, হাওর-বিল বা মাঠে কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!