Mymensingh শহরে এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে জামাতার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে ন্যায়বিচার ও ফাঁসির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
সোমবার (১৮ মে) সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত আমেনা আক্তার নওরীনের মা সালমা আক্তার প্রীতি লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
তিনি অভিযোগ করেন, ২০২২ সালে নওরীনের সঙ্গে কুষ্টিয়ার নূর মোহাম্মদের ছেলে লুৎফুল্লাহির কবির আশিকের বিয়ে হয়। শুরুতে দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও পরে পরকীয়া ও পারিবারিক কলহের কারণে সম্পর্কের অবনতি ঘটে।
পরিবারের দাবি, পরে নওরীন ঢাকার উত্তরা এলাকায় বসবাস শুরু করলে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এক পর্যায়ে তাকে ময়মনসিংহে নিয়ে আসা হলেও পরে আবার ঢাকায় পাঠানো হয়।
গত ২৪ এপ্রিল ঢাকার বাসা থেকে নওরীনের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। তাদের দাবি, মরদেহে আঘাতের চিহ্ন ছিল এবং আত্মহত্যার স্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি।
পরিবার আরও জানায়, ঘটনার পর থানায় মামলা নিতে প্রথমে অনীহা দেখানো হলেও পরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা রেকর্ড করা হয়। পরে অভিযুক্ত আশিক গ্রেফতার হলেও জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নিহতের মা বলেন, তারা সুষ্ঠু তদন্ত শেষে প্রধান অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি, এমনকি ফাঁসি দাবি করছেন। একই সঙ্গে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়