যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে কনসার্ট চলাকালে এক মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। শনিবার (দিনগত রাত) এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, অপটিলাক্স বিডি কোম্পানির সৌজন্যে আয়োজিত কনসার্টে রাত সাড়ে ১০টার দিকে দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। নাচানাচি চলাকালে এক মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়।
পরবর্তীতে বাড়ি ফেরার পথে রায়পুর বাজার এলাকায় হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সময় কয়েকজন যুবক লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে একাধিকজন ছুরিকাঘাত ও লাঠির আঘাতে গুরুতর আহত হন।
আহতরা হলেন— জাবির হোসেন (২১), নিরব হোসেন (১৫), জুবায়ের (১৭), হযরত আলী (১৭), তামিম হোসেন (১৩) এবং হুজাইফা (১৭)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়