চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৩২টি ফ্লাইটে মোট ৫১ হাজার ৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
সোমবার (১১ মে) হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
হজ অফিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস পরিচালিত ফ্লাইটে এসব হজযাত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর হজ পালনের কথা রয়েছে।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ১২ জনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। তাঁদের মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় ইন্তেকাল করেছেন।
হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সৌদি মেডিকেল টিম ও আইটি হেল্পডেস্ক কাজ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সৌদি মেডিকেল টিম সরাসরি ২২ হাজার ৯৯৮ জনকে চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের সহায়তায় আরও ১৪ হাজার ৮৬৯ জন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।
বিমান সংস্থাগুলোর পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬২টি ফ্লাইটে ২৪ হাজার ৬৩৭ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪৮৮ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
এখনও অবশিষ্ট ২৬ হাজার ৭৯২ জন হজযাত্রী পর্যায়ক্রমে বিভিন্ন ফ্লাইটে সৌদি আরবে যাবেন। এ বছর মোট ৬৬০টি অনুমোদিত এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি হিসেবে কাজ করছে।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে এ বছরের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে যাত্রা করে। এরপর থেকেই ধাপে ধাপে হজযাত্রীদের সৌদি আরব পাঠানোর কার্যক্রম চলছে।
হজযাত্রীদের যাতায়াত, আবাসন ও অন্যান্য সেবা নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় এবং হজ অফিসের কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়