ফুটবল বিশ্বকাপ শুধু মাঠের খেলা নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় বিনোদন আয়োজনগুলোর একটি। সেই ধারাবাহিকতায় ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে আরও জমকালো করতে এবার যুক্ত হচ্ছেন জনপ্রিয় কেপপ তারকা লিসা।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন তিনি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আসর ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
আগেই গুঞ্জন ছিল, এবারের উদ্বোধনী অনুষ্ঠানে একজন জনপ্রিয় নারী কেপপ শিল্পী পারফর্ম করবেন। শেষ পর্যন্ত সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে লিসার নাম ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি ফিফার সঙ্গে পারফরম্যান্স চুক্তিও সম্পন্ন করেছেন।
এবারের বিশ্বকাপ তিনটি দেশে অনুষ্ঠিত হওয়ায় উদ্বোধনী অনুষ্ঠানও তিনটি আলাদা ভেন্যুতে আয়োজন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে লিসা পারফর্ম করবেন। তার সঙ্গে মঞ্চে থাকবেন কেটি পেরি, ফিউচার এবং ডিজে স্নেক।
অন্যদিকে কানাডার টরন্টোতে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও অ্যালেসিয়া কারা। মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে থাকবেন মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা এবং তাইলা।
বিশ্বকাপের এই উদ্বোধনী আয়োজন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। ফুটবল ও কেপপ ভক্তদের মধ্যে লিসার অংশগ্রহণ নিয়ে বাড়ছে উত্তেজনা ও প্রত্যাশা।
এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপে জাংকুক ‘ড্রিমার্স’ গান পরিবেশন করে বিশ্বব্যাপী আলোচনায় আসেন। এবার সেই ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় লিসা।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়