সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপপ্রচার মোকাবিলায় বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১১ মে) সকালে রাজধানীর শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে অপরাধের ধরন ও মাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষায়িত সাইবার ইউনিট গঠন এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
তিনি পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলেও সতর্ক করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড বজায় রাখা এবং শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সরকার কোনো ধরনের আপস করবে না। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বক্তারা তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে পুলিশের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, নতুন সাইবার ইউনিট গঠিত হলে ডিজিটাল প্ল্যাটফর্মে সংঘটিত বিভিন্ন অপরাধ দ্রুত শনাক্ত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনা সহজ হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত কর্মকর্তারা সরকারের নতুন উদ্যোগকে স্বাগত জানান এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়