দেশে হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৫৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গে ৩ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৫ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩৪১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫০ হাজার ৫০০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ৯৩৭ জনের শরীরে।
এ ছাড়া, হামের উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে মোট ৩৫ হাজার ৯৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ৩১ হাজার ৯৯২ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়