ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে একই দিনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন সাইফুদ্দীন আহমদ।
নিজের পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া জানান, তিনি আনুষ্ঠানিকভাবে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। শিক্ষকতা জীবনের সাত বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক দায়িত্ব গ্রহণে আগ্রহী ছিলেন না।
তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টরের ফোন পাওয়ার পর দায়িত্ব নেওয়ার বিষয়ে আগ্রহ তৈরি হয় বলে জানান তিনি।
পোস্টে তিনি লেখেন, নিজেকে সবসময় একজন সাধারণ শিক্ষক ও সাধারণ মানুষ হিসেবেই দেখেন। তার মতে, এ ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সাধারণত অভিজ্ঞ ও জ্যেষ্ঠ শিক্ষকদের ওপরই অর্পিত হয়।
সাবেক প্রক্টরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, গত দুই বছরে ধৈর্য, সংযম এবং শিক্ষার্থীদের বিভিন্ন পরিস্থিতি মোকাবিলার বিষয়ে অনেক কিছু শিখেছেন।
জুলাই আন্দোলন-পরবর্তী সময়কে “অভূতপূর্ব অভিজ্ঞতা” হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতি আগে কোনো প্রক্টর টিমকে সামাল দিতে হয়নি।
নতুন প্রক্টর ও তার টিমের প্রতি শুভকামনা জানিয়ে শেহরীন আমিন ভূঁইয়া বলেন, তাদের সঙ্গে কাজ করা তার জন্য সম্মানের বিষয় ছিল। পাশাপাশি নতুন দায়িত্বপ্রাপ্তদের সফলতা কামনাও করেন তিনি।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়