কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা এলাকা থেকে মাছ ধরতে গিয়ে সাতজন জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ধরে নেওয়া জেলেরা টেকনাফের সাবরাং ইউনিয়ন ও শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন—আব্দুর রহমান, আবদুল মতলব, গুরা মিয়া, মো. হাসান, আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।
স্থানীয় জনপ্রতিনিধি সাবরাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল ফয়েজ জানান, সকালে মাছ ধরতে গিয়ে দুপুরে ফেরার পথে এসব জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে পাঁচজন সাবরাং এলাকার এবং বাকি তিনজন শাহপরীর দ্বীপের বাসিন্দা।
আটক জেলেদের পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও দুশ্চিন্তায় রয়েছেন। আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার বলেন, তাদের পরিবার সম্পূর্ণভাবে মাছ ধরার ওপর নির্ভরশীল। স্বামী না ফিরলে তাদের জীবিকা সংকটে পড়বে।
এদিকে, একটি নৌকার মালিক আব্দু শুক্কুর জানান, তার নৌকায় চারজন জেলে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার সময় তাদের আটক করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি দ্রুত জেলেদের মুক্তির দাবি জানান।
ঘটনার বিষয়ে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং সংশ্লিষ্ট সীমান্ত ফাঁড়িকে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে জেলেদের ফেরাতে উদ্যোগ নেওয়া হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ জানান, জেলেদের ফিরিয়ে আনতে কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়দের আশা, দ্রুত পদক্ষেপের মাধ্যমে আটক জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।