আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি অনুসরণ নিশ্চিত করতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) যেকোনো ধরনের সভা, সমাবেশ বা নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, রিটার্নিং অফিসারের পূর্ব অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বা হলরুমকে নির্বাচনী ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না।
ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনার চিঠি রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কিছু প্রার্থী বা তাদের সমর্থক সেমিনার, সংবর্ধনা ও যুব সমাবেশের নামে ভোটারদের জড়ো করে নির্বাচনী প্রচারণার চেষ্টা করছেন। অনেক ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই মাঠ বা হলরুম ব্যবহার করতে দিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রিটার্নিং অফিসারের লিখিত অনুমতি ছাড়া কোনো ধরনের সমাবেশ বা নির্বাচনী প্রচারণার জন্য ভেন্যু ব্যবহারের অনুমতি না দেয়ার বিষয়টি নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, মাউশি খুব দ্রুত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে একটি নির্দেশনা পাঠাবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করবে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়