অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্ধারিত বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রঙ পরিবর্তন নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মধ্যেই আবারও নতুন করে রঙ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, পুলিশের পোশাকে ফিরিয়ে আনা হচ্ছে গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণ।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত প্রস্তাব ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, পূর্বে জারি করা এসআরও অনুযায়ী পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছিল। সে অনুযায়ী, শার্টের রং গাঢ় ধূসর এবং প্যান্ট গাঢ় নীল থেকে পরিবর্তন করে শার্ট লোহার রঙ এবং প্যান্ট কফি রঙ নির্ধারণ করা হয়। তবে মাঠপর্যায়ে এই পরিবর্তন নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিষয়টি নিয়ে বাহিনীর ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এই প্রেক্ষাপটে, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন রঙের নমুনা পর্যালোচনা করেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শক্রমে নতুন করে রঙ নির্বাচন করা হয়।
নতুন প্রস্তাব অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে হালকা অলিভ (জলপাই)। অন্যদিকে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ব্যতীত অন্যান্য ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল রঙের। উভয় ক্ষেত্রেই প্যান্টের রং নির্ধারণ করা হয়েছে টিসি টুইল খাকি।
এই পরিবর্তন কার্যকর করতে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’-এর একাধিক বিধি সংশোধনের প্রস্তাব করা হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির জন্য একটি খসড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইউনিফর্ম সরবরাহ প্রাপ্যতার ভিত্তিতে হওয়ায় নতুন এই পরিবর্তনে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক ব্যয় হবে না। ফলে প্রশাসনিকভাবে সহজেই এই পরিবর্তন বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
সবমিলিয়ে, পুলিশের ইউনিফর্মে নতুন রঙ নির্ধারণের এই উদ্যোগ বাহিনীর সদস্যদের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করবে এবং চলমান বিতর্কের অবসান ঘটাবে—এমনটাই আশা সংশ্লিষ্টদের।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়