দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩৭ জনের শরীরে হাম ও এ রোগের উপসর্গ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তর-এর নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া অধিকাংশই শিশু।
উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ৩ জন করে রয়েছে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। জেলা পর্যায়ে ঢাকা ও মৌলভীবাজারে সবচেয়ে বেশি ২ জন করে মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৬৪ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১১৫ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১১০ জন।
এদিকে একই সময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ৭৩ জনের শরীরে। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। সেখানে সন্দেহভাজন রোগীর সংখ্যা ৫৪৪ জন।
এরপর চট্টগ্রাম বিভাগে ২৩০ জন এবং বরিশাল বিভাগে ১৪৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নিশ্চিত হাম রোগীর সংখ্যাতেও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ, যেখানে নতুন করে ৫৪ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান কর্মসূচির আওতা আরও বাড়ানো এবং দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত না করা গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। হাসপাতালগুলোতে রোগীর চাপও বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়