1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু বাইডেন আমলের ১.৭ ট্রিলিয়ন ডলারের ব্যয় আইনকে অসাংবিধানিক ঘোষণা আদালতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে এনসিপির চার নেতা শেয়ারবাজারে দরপতন ও ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো ঘোষণা, বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা বিয়ের দাবিতে পাঁচ সন্তানের জননীর অনশন, মারধরের অভিযোগে হাসপাতালে ভর্তি রাজনৈতিক ঐক্য গড়তে বিভিন্ন দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করেছে বাংলাদেশ একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথের শর্ত নাহিদের

কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করেছে বাংলাদেশ

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনে দুটি আন্তর্জাতিক তহবিল থেকে প্রায় ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করেছে বাংলাদেশ। কর্মসূচির প্রথম পর্যায় সফলভাবে বাস্তবায়ন করতে পারলে বিশ্ব সুরক্ষায় গ্লোবাল শিল্ড থেকে আরও প্রায় ২৭৩ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে মোট অনুদানের পরিমাণ বেড়ে প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকায় দাঁড়াতে পারে।

রোববার (২২ নভেম্বর) ভোরে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

তিনি জানান, সম্মেলনে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৪ কোটি টাকা এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো, প্রায় ৪১০ কোটি টাকার অনুদান নিশ্চিত হয়েছে।

ড. সাইমুম পারভেজ বলেন, কর্মসূচির প্রথম পর্যায় সফলভাবে বাস্তবায়ন করতে পারলে গ্লোবাল শিল্ড থেকে আরও ২ কোটি ইউরো বা প্রায় ২৭৩ কোটি টাকা পাওয়া যেতে পারে। অতিরিক্ত এই অর্থায়ন নিশ্চিত হলে সিআইএফ ও গ্লোবাল শিল্ড থেকে মোট অনুদানের পরিমাণ দাঁড়াবে প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকা।

তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের নিশ্চিত হওয়া অর্থের পুরোটাই অনুদান। এসব অর্থ ফেরত দিতে হবে না।

অনুদানের ব্যবহার সম্পর্কে তিনি জানান, সিআইএফের অর্থ সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে। অন্যদিকে, গ্লোবাল শিল্ডের সহায়তা জলবায়ু বীমা উদ্যোগসহ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে। এসব কার্যক্রমের বাস্তবায়ন প্রক্রিয়া তদারকি করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে ড. সাইমুম বলেন, বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ জলবায়ু অভিযোজন কার্যক্রমে বরাদ্দের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগে অর্থায়ন বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, অনুদানের পরিমাণ কমে যাওয়া এবং ঋণ ও বিনিয়োগের ওপর নির্ভরশীলতা বাড়ায় উন্নয়নশীল দেশগুলো চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশসহ গ্লোবাল সাউথের দেশগুলো অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়েছে। যেখানে ঋণ নেওয়া অপরিহার্য, সেখানে সহজ ও নমনীয় শর্তে অর্থায়নের ওপর জোর দেওয়া হয়েছে।

কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পাঁচ দফা দাবি উপস্থাপনকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। তিনি জানান, প্রায় ৪৮ ঘণ্টার সফরে প্রধানমন্ত্রী সম্মেলনে বাংলাদেশের জাতীয় বক্তব্য তুলে ধরেন এবং কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। পরে প্রতিনিধি দলের সদস্যরা ওই দাবিগুলোর আলোকে আলোচনা চালিয়ে যান।

সম্মেলন নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘায়িত হলেও শেষ পর্যায়ের দরকষাকষিতে গ্লোবাল সাউথের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশ সক্রিয়ভাবে অংশ নেয় বলে জানান তিনি।

ম্যানগ্রোভ বন সংরক্ষণ প্রসঙ্গে ড. সাইমুম বলেন, তিনি ম্যানগ্রোভ অ্যালায়েন্সের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। সেখানে অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অনুদান ও অংশীদারত্বের মাধ্যমে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার ও সম্প্রসারণ, সংরক্ষণ কার্যক্রমে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং এই বাস্তুতন্ত্রের ওপর নির্ভরশীল মানুষের জীবিকার উন্নয়ন বাংলাদেশের লক্ষ্য।

বাংলাদেশের প্রতিনিধি দলের আকার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সরকারিভাবে কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, তরুণ জলবায়ু কর্মী ও সাংবাদিকদের অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছিল। তাঁদের মধ্যে কয়েকজন আন্তর্জাতিক সহযোগীদের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছেন। সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে ৪০টির বেশি পার্শ্ব-আলোচনা ও অনুষ্ঠান আয়োজন করা হয়।

ভবিষ্যতে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় কার্যকর অবদান রাখার ক্ষেত্রে প্রতিনিধি দলের সদস্যদের সক্ষমতার ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

কার্বন ক্রেডিট বিক্রির বিষয়ে ড. সাইমুম পারভেজ বলেন, গত সাত থেকে আট মাস ধরে এ বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করেছে বাংলাদেশ। কপ৩১ সম্মেলন চলাকালে কার্বন ক্রেডিটের মাধ্যমে রাজস্ব আয়ের সুযোগ খতিয়ে দেখতে বিভিন্ন দেশের প্রতিনিধি, গোল্ড স্ট্যান্ডার্ড এবং গ্লোবাল কার্বন কাউন্সিলের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশের প্রতিনিধি দল।

তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি হবে। প্রক্রিয়াটি চূড়ান্ত হলে কার্বন ক্রেডিট লেনদেনের বিস্তারিত প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page