1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষঃ
কক্সবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫, আহত ১ সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের হামলা, আহত ১১ টানা ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করল রূপপুরের প্রথম ইউনিট সাঁজোয়া যান চালিয়ে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী বোমা হামলা ও হত্যার মাধ্যমে ক্ষমতায় ফিরতে চায় আওয়ামী লীগ: রিজভী বাংলাদেশের ৯১ রানের জবাবে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা শেখ হাসিনাকে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির সময় মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান, শেষ মুহূর্তের স্মৃতিচারণে জয় ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: প্রসিকিউশন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের আগের দাবি কমিয়ে ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় নতুন মজুরি কাঠামো নিয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত চতুর্থ সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ তথ্য জানান। দুপুর ২টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন তিনি।

সভায় মালিকপক্ষ তাদের তৃতীয় লিখিত প্রস্তাবে চারটি গ্রেডে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণের সুপারিশ করে। প্রস্তাব অনুযায়ী, গ্রেড-১-এ ১৮ হাজার ৮২৮ টাকা, গ্রেড-২-এ ১৭ হাজার ৮৮৭ টাকা, গ্রেড-৩-এ ১৬ হাজার ৯৯৬ টাকা এবং গ্রেড-৪-এ ১৫ হাজার ৭০০ টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে।

অন্যদিকে শ্রমিকপক্ষের প্রস্তাবে গ্রেড-১-এ ৩৫ হাজার টাকা, গ্রেড-২-এ ৩০ হাজার টাকা, গ্রেড-৩-এ ২৭ হাজার টাকা এবং গ্রেড-৪-এ ২২ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণের দাবি জানানো হয়েছে।

বোর্ডের সভায় উভয় পক্ষের লিখিত প্রস্তাব পর্যালোচনার পাশাপাশি পোশাকশিল্পে কর্মরত বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হয়। তবে প্রস্তাবিত মজুরির পার্থক্য থাকায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে নয় ঘণ্টার বৈঠকে মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা প্রস্তাব করেছিল। বিপরীতে শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। তবে মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে মন্তব্য করেন শ্রমিক প্রতিনিধিরা। পরে উভয় পক্ষ নিজেদের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী সভায় আলোচনার সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবারের বৈঠকে মালিকপক্ষ তাদের সর্বনিম্ন মজুরির প্রস্তাব আরও ১০০ টাকা কমিয়ে ১৫ হাজার ৭০০ টাকা করে। তবে শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার দাবিতে অনড় থাকে।

সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে মালিকপক্ষ থেকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ আমিন রাসেল এবং শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজু সভায় অংশ নেন।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের মাধ্যমে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page