
ময়মনসিংহের গৌরীপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকাস্থ ‘শ্যামগঞ্জ সমিতি’র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং শ্যামগঞ্জ সমিতি-ঢাকার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ শ্যামগঞ্জ সমিতির সভাপতি ও অতিরিক্ত আইজিপি (অবসরপ্রাপ্ত) মো. মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কো-অর্ডিনেটর (গ্রেড-১) এবং সাবেক ডিআইজি আনসার উদ্দিন খান পাঠান, অতিরিক্ত ডিআইজি (অবসরপ্রাপ্ত) সাইফুল্লাহ আল মামুন, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা, গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান, পূর্বধলা থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া শ্যামগঞ্জ ও আশপাশের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবক, ব্যবসায়ী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন বলেন, আগামীতে শিক্ষার্থীদের ফলাফল আরও ভালো করতে হবে। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক কৃতী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।
এর আগে একই দিন সকাল ১১টায় শ্যামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বাজারের উন্নয়ন নিয়ে আলোচনা সভা করেন প্রতিমন্ত্রী।
সভায় তিনি শ্যামগঞ্জ বাজারের উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সোয়াই নদীর যে অংশের খননকাজ এখনও বাকি রয়েছে, তা সম্পন্ন করতে সম্মিলিত সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।