1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষঃ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: শাহ আলী থানায় নতুন ওসি, বদলি আরও ৪ পরিদর্শক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুরে রাড্ডা মাতৃ ও শিশু স্বাস্থ্য-পরিবার পরিকল্পনা (এমসিএইচ-এফপি) সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলে পুলিশ পরিদর্শক মো. রাজীব হোসেনকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও চার থানার পরিদর্শককে অপারেশন ও তদন্ত পদে বদলি করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব বদলি করা হয়। বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমেও নিশ্চিত করা হয়েছে।

আদেশ অনুযায়ী, মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজীব হোসেনকে শাহ আলী থানার ওসি করা হয়েছে। এছাড়া লাইনওয়ারের পরিদর্শক মো. আল-আমিনকে ক্যান্টনমেন্ট থানার অপারেশন, ক্যান্টনমেন্ট থানার অপারেশন পরিদর্শক সুব্রত দেবনাথকে উত্তরখান থানার অপারেশন, মুগদা থানার পরিদর্শক (তদন্ত) শিশির কুমার কর্মকারকে সূত্রাপুর থানার তদন্ত এবং লাইনওয়ারের পরিদর্শক মো. মমিনুল ইসলামকে মুগদা থানার তদন্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে ২৬ সেপ্টেম্বরের এক অফিস আদেশে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। ওই আদেশে প্রত্যাহারের কারণ হিসেবে প্রশাসনিক বিষয় উল্লেখ করা হয়েছিল।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। পুলিশ খবর পাওয়ার পর সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছিল কি না এবং দায়িত্ব পালনে কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

দারুসসালাম অঞ্চলের অতিরিক্ত উপকমিশনারকে (এডিসি) প্রধান করে গঠিত তিন সদস্যের কমিটিকে পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে বলা হয়েছে। তদন্তে কোনো পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

এদিকে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে এবং লুট হওয়া মালামালভর্তি দুটি ট্রাক উদ্ধার করেছে বলে জানিয়েছে ডিএমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page