1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

পোস্টাল ব্যালট গ্রহণ ও গণনা নিয়ে বিশেষ পরিপত্র জারি করল নির্বাচন কমিশন

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পোস্টাল ব্যালট প্রাপ্তির পর করণীয় এবং পোস্টাল ব্যালট গণনা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দিয়ে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য তৈরি সফটওয়্যারে রিটার্নিং অফিসার লগইন করলে সংশ্লিষ্ট সংসদীয় আসনে নিবন্ধিত ভোটার সংখ্যা ও প্রদত্ত ভোটের সামগ্রিক চিত্র দেখতে পারবেন। নিবন্ধিত ভোটারের সংখ্যার ভিত্তিতে প্রতি ৪০০ পোস্টাল ব্যালটের জন্য একটি করে ব্যালট বাক্স ব্যবহার করতে হবে। প্রতিটি ব্যালট বাক্সে সংশ্লিষ্ট আসনের নম্বর ও নাম সংবলিত স্টিকার সংযুক্ত থাকবে।

প্রতীক বরাদ্দের দিন বা তার পরদিন থেকেই পোস্টাল ব্যালট সংরক্ষণের জন্য ব্যালট বাক্স প্রস্তুত রাখতে হবে। আগামী ২১ জানুয়ারির পর ডাকযোগে পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছাতে শুরু করবে। ব্যালট বাক্স বন্ধ করার আগে প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্টকে দিন ও সময় উল্লেখ করে লিখিতভাবে উপস্থিত থাকার অনুরোধ জানাতে হবে। নির্ধারিত দিনে উপস্থিত সকলের সামনে প্রতিটি ব্যালট বাক্সে চারটি করে সিল বা লক লাগাতে হবে। সিল বা লক দেওয়ার আগে বাক্স ও লকের নম্বর উচ্চস্বরে ঘোষণা করে উপস্থিত প্রার্থী বা এজেন্টকে তা নোট করতে বলতে হবে। কোনো ব্যালট বাক্স পূর্ণ হয়ে গেলে ঢাকনায় পঞ্চম সিল দিয়ে তা বন্ধ করে নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে।

ডাক বিভাগ থেকে প্রাপ্ত পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণের জন্য রিটার্নিং অফিসার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করবেন। প্রয়োজনে তাঁকে সহায়তার জন্য অতিরিক্ত স্টাফ নিয়োগ দেওয়া হবে। ডাকযোগে প্রাপ্ত প্রতিটি খামের ওপর থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে এবং সংশ্লিষ্ট আসনের নির্ধারিত ব্যালট বাক্সে তা সংরক্ষণ করতে হবে। কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ফরম-১২ আকারে পোস্টাল ব্যালট বিতরণ ও প্রাপ্তির আসনভিত্তিক তালিকা সফটওয়্যার থেকে তৈরি হবে, যা প্রতিদিন স্বাক্ষরসহ সংরক্ষণ করতে হবে। স্ক্যানের সময় কোনো কিউআর কোড ডুপ্লিকেট হিসেবে শনাক্ত হলে সংশ্লিষ্ট ব্যালট বাতিল বলে গণ্য হবে এবং খাম না খুলেই আলাদা করে সংরক্ষণ করতে হবে।

পরিপত্রে আরও বলা হয়, ভোটারকে পাঠানো নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক ভোটারকে পোস্টাল ব্যালটের খাম পাওয়ার পর ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে লগইন করে কিউআর কোড স্ক্যান করতে হবে। ভোটার যদি কিউআর কোড স্ক্যান না করেই ভোট দিয়ে খাম ফেরত পাঠান, তবে তা সিস্টেমে শনাক্ত হবে না এবং ওই ব্যালট বাতিল হিসেবে গণ্য হবে।

ভোট গ্রহণের দিন অর্থাৎ আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ডাকযোগে প্রাপ্ত পোস্টাল ব্যালট গণনার আওতায় আসবে। নির্ধারিত সময়ের পরে আসা পোস্টাল ব্যালট স্ক্যান বা গণনায় অন্তর্ভুক্ত না করে বাতিল হিসেবে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে।

পোস্টাল ব্যালট গণনার জন্য আসনভিত্তিক একজন করে প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হবে। এছাড়া প্রতি ১০০ পোস্টাল ব্যালটের জন্য একজন পোলিং অফিসার এবং প্রতি ১৫ জন পোলিং অফিসারের জন্য একজন করে সহায়ক কর্মকর্তা নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।

পোস্টাল ভোট গণনার সময় প্রার্থী, নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট, গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকরা উপস্থিত থাকতে পারবেন। গণনার দিন, সময় ও স্থান সম্পর্কে প্রার্থী বা তাঁদের এজেন্টদের আগেই লিখিতভাবে জানানো হবে।

গণনা কার্যক্রমের ক্ষেত্রে ভোটগ্রহণ শেষ হওয়ার পর অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার পর প্রিজাইডিং অফিসাররা নিজ নিজ আসনের পোস্টাল ব্যালট ভর্তি বাক্স গ্রহণ করবেন। এরপর উপস্থিত সবাইকে ব্যালটের সংখ্যা ও বিবরণ জানিয়ে ব্যালট বাক্স খুলে গণনা শুরু করা হবে। গণনা শেষে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ফরম-১৬ক এবং গণভোটের ফলাফল ফরম-৪ এ লিপিবদ্ধ করে কপি প্রকাশ ও সরবরাহ করতে হবে। পরে সাধারণ কেন্দ্রের ফলাফলের সঙ্গে পোস্টাল ব্যালটের ফল একত্র করে জাতীয় সংসদের চূড়ান্ত ফল ফরম-১৮ এবং গণভোটের চূড়ান্ত ফল ফরম-৭ এ প্রকাশ করা হবে।

এ বিষয়ে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, অধিকাংশ পোস্টাল ব্যালট ইতোমধ্যে প্রবাসী ভোটারদের কাছে পৌঁছে গেছে এবং তারা ভোট দিয়ে পোস্ট অফিসে জমা দিচ্ছেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

সূত্র: বাসস

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!