প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে তাকে এই রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি জানান, গত বছরের ২৭ আগস্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধনসংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই আদেশ বাস্তবায়ন করা হয়নি।
তিনি আরও বলেন, আদালতের নির্দেশ অমান্য করায় সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতেই হাইকোর্ট এই রুল জারি করেছেন।
উল্লেখ্য, ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। আবেদনটি নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন। আদালতের নির্দেশনা কার্যকর না হওয়ায় পরবর্তীতে আদালত অবমাননার আবেদন দায়ের করা হয়।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়