1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

বাসে শৃঙ্খলা ফেরাতে নতুন ভরসা ‘ই-টিকেটিং’, প্রশ্নে ডিটিসিএর ভূমিকা

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

রাজধানীর বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে রঙ বদলের কৌশলে ব্যর্থতার পর এবার ‘ই-টিকেটিং’ ব্যবস্থায় সব সমস্যার সমাধান খুঁজছে বাস মালিক, শ্রমিক ও পুলিশ। তাদের আশা, এই পদ্ধতি চালু হলে বাসগুলোর মধ্যে অসম প্রতিযোগিতা দূর হবে, স্টপেজে যাত্রী ধরার জন্য বাস দাঁড়িয়ে থাকবে না এবং টিকেট কেটে শৃঙ্খলাভাবে যাত্রা করবেন যাত্রীরা।

সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ই-টিকেটিং ব্যবস্থা উদ্বোধন করা হয়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নসহ কয়েকটি শ্রমিক সংগঠন যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়নের কথা জানায়। এতে কারিগরি সহায়তা দিচ্ছে ‘আরবানমুভ টেক’ নামের একটি প্রতিষ্ঠান। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণোদ্যমে এই ব্যবস্থা চালু করা হবে।

ই-টিকেটিং ব্যবস্থার আওতায় ঢাকার আটশর বেশি বাসস্টপেজে সাড়ে ৩ হাজারের বেশি টিকেট মাস্টার থাকবেন। স্মার্টফোন ব্যবহারকারীরা কিউআর কোড স্ক্যান করে অ্যাপ ডাউনলোডের মাধ্যমে টিকেট কাটতে পারবেন। পর্যায়ক্রমে ‘র‌্যাপিড পাস’ যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, “অসুস্থ প্রতিযোগিতাই মূল সমস্যা। ই-টিকেটিং কার্যকর হলে নির্দিষ্ট রুটের গাড়ি সেই রুটেই চলবে, বিশৃঙ্খলা অনেকটাই কমে যাবে।” তিনি আরও বলেন, “যাত্রী যেখান থেকেই উঠুক, টিকেট নিতে হবে—এতে ব্যবস্থা কার্যকর হবে বলে আমরা বিশ্বাস করি।”

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান বলেন, “আমরা একটি আশার আলো দেখতে পাচ্ছি।” আর অতিরিক্ত কমিশনার (প্রশাসন) সারওয়ার হোসেন জানান, “এই টিকেট সিস্টেম সচল রাখতে ডিএমপিসহ সরকারি সংস্থাগুলো কাজ করবে।”

তবে এই উদ্যোগে প্রশ্ন তুলেছে ঢাকার ট্রাফিক ও গণপরিবহন ব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। উদ্বোধনী অনুষ্ঠানে ডিটিসিএর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এ বিষয়ে ডিটিসিএর নির্বাহী পরিচালক মশিউর রহমান বলেন, “এ কাজ তো আমাদের সঙ্গে সমন্বয় করেই করার কথা। কেন আমাদের ডাকা হয়নি, তা বলতে পারছি না।”

এ প্রসঙ্গে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন, “আমরা সবসময় ডিটিসিএ ও বিআরটিএর সঙ্গে সমন্বয় করেছি। আজকের অনুষ্ঠানটি স্বল্প পরিসরে হওয়ায় হয়তো সবাইকে জানানো সম্ভব হয়নি।”

উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের শুরুতে সরকার রুটভিত্তিক বাসের রঙ বদলে গুচ্ছ পদ্ধতিতে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করেছিল। তবে এক বছরের মধ্যেই সেই উদ্যোগ ব্যর্থ হয়। এর আগেও বাস রুট ফ্র্যাঞ্চাইজি, নগর পরিবহন কিংবা কাউন্টারভিত্তিক বাস চলাচল—এমন নানা উদ্যোগ নেওয়া হলেও অল্প সময়ের মধ্যেই তা ভেঙে পড়ে।

বর্তমানে রাজধানীতে ভাঙাচোরা, ধোঁয়া ছড়ানো বাসে যাত্রী ধরার অসুস্থ প্রতিযোগিতা, রাস্তা আটকে রাখা এবং অল্প পথ পাড়ি দিতেই দীর্ঘ সময় লেগে যাওয়ার চিত্র নিত্যদিনের। তবে এবার বাস মালিক, শ্রমিক ও পুলিশের যৌথ উদ্যোগে ‘ই-টিকেটিং’ ব্যবস্থাকে সেই পরিবর্তনের ‘জাদুকাঠি’ হিসেবে দেখানো হচ্ছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!