বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচনি পর্যবেক্ষণ মিশন দেশের ৬৪ জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালেই পর্যবেক্ষকরা রাজধানী ঢাকা থেকে বিভিন্ন জেলায় রওনা দিয়ে দায়িত্ব পালন শুরু করেন।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্তা লাসে বলেন, “দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা আমাদের মিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাদের পর্যবেক্ষণ নির্বাচনি প্রক্রিয়ার নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নের ভিত্তি হবে।”
তিনি আরও জানান, পর্যবেক্ষকরা আঞ্চলিক পর্যায়ে ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক ও তরুণ কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা শুধু শহরেই নয়, ছোট শহর ও গ্রামাঞ্চলেও তাদের কার্যক্রম পরিচালনা করবেন।
মিশনের নেতৃত্বে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। নির্বাচনের দিন আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক এবং বিভিন্ন দেশের কূটনীতিক অংশগ্রহণ করবেন। পূর্ণাঙ্গ অবস্থায় মিশনে মোট ২০০ জন পর্যবেক্ষক দায়িত্বে থাকবেন।
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনি পর্যবেক্ষণ মিশন আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে। পরবর্তী সময়ে নির্বাচনের পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন সরবরাহ করা হবে।
মিশনের সব কার্যক্রম কঠোর নিরপেক্ষতার ভিত্তিতে পরিচালিত হয় এবং এটি ২০০৫ সালে জাতিসংঘের অনুমোদিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী কাজ করে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়