উত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ–চীন মৈত্রী জেনারেল হাসপাতাল স্থাপনের প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রোববার (২৫ জানুয়ারি) একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে প্রকল্পটি জানুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৯ মেয়াদে বাস্তবায়িত হবে। প্রকল্পের মোট ব্যয় ২ হাজার ৪৫৯ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়ন ১৭৯ কোটি ২৭ লাখ টাকা এবং বাকি অংশ চীনা অনুদান সহায়তা।
প্রকল্পের আওতায় নীলফামারী সদরে একটি আধুনিক ১০ তলা হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য আবাসন, ডরমেটরি, ডিরেক্টরস বাংলো, প্রয়োজনীয় অবকাঠামো এবং আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন করা হবে।
এই হাসপাতালে নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি, নিউরোলজিসহ বিভিন্ন বিশেষায়িত বিভাগে চিকিৎসা সেবা, আধুনিক জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ ও উন্নত ডায়াগনস্টিক সুবিধা থাকবে।
প্রধান উপদেষ্টা বলেন, এই হাসপাতাল স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উত্তরাঞ্চলের মানুষ নিজ এলাকাতেই উন্নত চিকিৎসা সেবা পাবে। প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে এবং রংপুর ও ঢাকার হাসপাতালগুলোর ওপর চাপ কমবে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়