1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

এনসিপিতে যোগ দিচ্ছেন না মাহফুজ আলম, অবস্থান স্পষ্ট করলেন ফেসবুক পোস্টে

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, শুরু থেকেই নাগরিক কমিটি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনে সম্পৃক্ত থাকলেও তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট গঠনের ঘোষণা আসার কয়েক ঘণ্টা পর নিজের ফেসবুক পোস্টে তিনি এ অবস্থান স্পষ্ট করেন।

মাহফুজ আলম লেখেন, “বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না। কিন্তু, আমি এ এনসিপির অংশ হচ্ছি না।” একই সঙ্গে তিনি বলেন, তাকে জামায়াত–এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি—এ কথা সত্য নয়।

তিনি আরও উল্লেখ করেন, “ঢাকার কোনো একটি আসনে জামায়াত–এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে আমার দীর্ঘদিনের অবস্থান (লং স্ট্যান্ডিং পজিশন) ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ।”

মাহফুজ আলম জানান, ‘জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে’ সংগঠিত নাগরিক কমিটি ও এনসিপিতে তার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর তিনি প্রয়োজন অনুযায়ী পরামর্শ, নির্দেশনা এবং নীতিগত সহযোগিতা দিয়ে এসেছেন।

তিনি লেখেন, “এনসিপিকে একটি ‘বিগ জুলাই আম্ব্রেলা’ হিসেবে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সব ধরনের চেষ্টা করেছি। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি।”

উল্লেখ্য, মাহফুজ আলম চলতি মাসেই তফসিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন। গত বছর অন্তর্বর্তী সরকার গঠনের পর নিউইয়র্কে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে জুলাই গণ-অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করিয়ে দেন।

তবে পদত্যাগের পর তিনি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলে যোগ দেননি।

নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মাহফুজ আলম বলেন, “ইতিহাসের এই চলমান পর্বে বাংলাদেশ একটি শীতল যুদ্ধের মধ্যে রয়েছে। এই সময়ে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়।”

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!